সাহিত্যের বিবর্তনধারায় বাংলা সাহিত্যের মধ্যযুগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো রচিত হয়। বাংলা সাহিত্যের বিকাশপর্ব বলা হয় মধ্যযুগকে। মধ্যযুগের সূচনা হয় ১২০০ সালে এবং সমাপ্তি ঘটে ১৮০০ সালে। এ যুগের প্রথম দেড়শ বছরকে তথাকথিত অন্ধকার যুগ বলা হয়। নানাবিধ কারণে এ যুগে হাতে গোনা কয়েকটি সাহিত্যকর্ম ছাড়া তেমন কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। তারপরও ১২০০ সাল থেকেই মধ্যযুগ ধরা হয়। এ সময় বাংলা সাহিত্য বিভিন্ন শাখায় বিভক্ত হয় এবং বাংলা কাব্যের সর্বোচ্চ বিকাশ ঘটে। মধ্যযুগের সাহিত্যকর্মগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

মধ্যযুগের সূচনা হয় কাব্য দিয়ে। বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো রচিত হয় এই যুগে। এর মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, নাথ সাহিত্য, লোকসাহিত্য ইত্যাদি। বাংলা কাব্যের সবচেয়ে বেশি বিকাশ ঘটে এ সময়। মানুষ দৈনন্দিন জীবনে গদ্যে কথা বললেও সাহিত্যে এর কোনো স্থান ছিল না। আধুনিক যুগের শুরুতে গদ্যের বিকাশ ঘটে। তাই এ সময় বাংলা কাব্যধারায় উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো রচিত হয়। ইলিয়াস শাহী যুগের পরবর্তীকালে বাংলার বৃহত্তর সমাজজীবনে ব্যাপক ভারসাম্য ফিরে আসে এবং সাহিত্যের ধারা বিকাশের পথ সহজ হয়। ফলে সাহিত্য সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ ফিরে আসে।
শ্রীচৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যে নবযুগের সৃষ্টি করেছে। শ্রীচৈতন্যদেবের জীবনী সাহিত্য মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে আছে। শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পর তাঁর জীবন ও আদর্শকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যকে কোনো কোনো পণ্ডিত দুটি পর্যায়ে ভাগ করেছেন। একটি আদি মধ্যযুগ, অন্যটি অন্তমধ্যযুগ। চৈতন্যদেবের আবির্ভাবের পরিপ্রেক্ষিতে এই দুটি যুগে বিভক্ত করা হয়। আদি মধ্যযুগকে চৈতন্য-পূর্বযুগ এবং অন্তমধ্যযুগকে চৈতন্য-উত্তরযুগ বলা হয়। তাই শ্রীচৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যে এক অভিনব মাত্রা যোগ করেছে।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের আদি নিদর্শন। বড়ু চণ্ডীদাস রচিত এই কাব্যটি বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য। এটি কবে রচিত হয়েছে, তা সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে চতুর্দশ শতকের শেষ দিকে এটি রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে রচিত এই কাব্য বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। এটি মধ্যযুগের প্রথম নিদর্শনগুলোর একটি এবং বাংলা কাব্যের ইতিহাসে এক বিস্ময়কর সৃষ্টি। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা ও কৃষ্ণের প্রেম, বিরহ এবং লীলার বর্ণনা করা হয়েছে।
মধ্যযুগের অধিকাংশ কাব্য ধর্মীয় বিষয় নিয়ে রচিত হলেও শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ধর্মীয় ভাবনার পাশাপাশি মানবিক প্রেমের প্রকাশ ঘটেছে। রাধা ও কৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে রচিত এই কাব্যে হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়বস্তুর প্রতিফলন ঘটেছে। তবে এর সাহিত্যিক মূল্য শুধু ধর্মীয় বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রেম, বিরহ ও মানবিক আবেগের প্রকাশের কারণে শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য হিসেবে বিবেচিত হয়। বড়ু চণ্ডীদাস রচিত এই কাব্যে রাধা ও কৃষ্ণের মানবিক প্রেমকাহিনি এবং তাঁদের লীলার বর্ণনা করা হয়েছে। কাব্যটির সাহিত্যিক মূল্য অপরিসীম।
মঙ্গলকাব্য
বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে আছে মঙ্গলকাব্য। ধর্মবিষয়ক বিভিন্ন আখ্যান নিয়ে এই কাব্য রচিত হয়েছে। পঞ্চদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতক পর্যন্ত মঙ্গলকাব্যের ধারা অব্যাহত থাকে। এ সময় বিভিন্ন লৌকিক ও পৌরাণিক কাহিনির সংমিশ্রণে মঙ্গলকাব্যের ধারাটি গড়ে ওঠে। ‘মঙ্গল’ শব্দের অর্থ কল্যাণ। যে কাব্য শুনলে মঙ্গল হয়, তাকে মঙ্গলকাব্য বলা হয়। আবার অনেকে মনে করেন, এক মঙ্গলবার থেকে অন্য মঙ্গলবার পর্যন্ত এই কাব্যের পাঠ চলে বলে এর নাম মঙ্গলকাব্য রাখা হয়েছে। মঙ্গলকাব্য দুটি ধারায় বিভক্ত। এগুলো হলো পৌরাণিক মঙ্গলকাব্য ও লৌকিক মঙ্গলকাব্য।
পৌরাণিক মঙ্গলকাব্য: পৌরাণিক মঙ্গলকাব্যের মধ্যে রয়েছে গৌরীমঙ্গল, ভবানীমঙ্গল, দুর্গামঙ্গল, অন্নদামঙ্গল, কমলামঙ্গল ইত্যাদি।
লৌকিক মঙ্গলকাব্য: লৌকিক মঙ্গলকাব্যের মধ্যে রয়েছে শিবমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল, সারদামঙ্গল, রায়মঙ্গল ইত্যাদি।
ক. মনসামঙ্গল
মনসামঙ্গল কাব্য পঞ্চদশ শতকে দেবী মনসাকে কেন্দ্র করে রচিত হয়। মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত। অন্যান্য কবিদের মধ্যে রয়েছেন বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব ও দ্বিজ বংশীধন।মনসামঙ্গল কাব্য মূলত দেবী মনসার কাহিনি অবলম্বনে রচিত। স্বর্গের দেবী মনসার পৃথিবীতে পূজা প্রচারের লৌকিক কাহিনি নিয়ে এই কাব্য রচিত হয়েছে। তাই বাংলা সাহিত্যে মনসামঙ্গল একটি অন্যতম গুরুত্বপূর্ণ রচনা।
খ. চণ্ডীমঙ্গল
চণ্ডীমঙ্গল কাব্য ষোড়শ শতকে রচিত হয়। এর আদি কবি মানিক দত্ত। অন্যান্য কবিদের মধ্যে রয়েছেন বলরাম ও দ্বিজ প্রমুখ। দেবী চণ্ডীর পূজা পৃথিবীতে প্রচারের লৌকিক কাহিনি অবলম্বনে এই কাব্য রচিত হয়েছে। বাংলা সাহিত্যে চণ্ডীমঙ্গল একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য।
গ. ধর্মমঙ্গল
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি রামাই পণ্ডিত। তাঁর রচিত শূন্যপুরাণ ও ধর্মপূজা বিধান ধর্মমঙ্গল কাব্যের প্রাচীন নিদর্শন হিসেবে বিবেচিত হয়। এছাড়া ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবিদের মধ্যে রয়েছেন ময়ূর ভট্ট ও মানিকরাম দাস। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মমঙ্গল একটি গুরুত্বপূর্ণ কাব্যধারা।
বৈষ্ণব পদাবলী
মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে আছে বৈষ্ণব পদাবলী। ১৪ শতকে বৈষ্ণব পদাবলীর ব্যাপক বিকাশ ঘটলেও বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস প্রমুখ পদকর্তারা এই ধারাকে সমৃদ্ধ করেন। মধ্যযুগে বৈষ্ণব পদাবলী একটি বড় স্থান দখল করে আছে। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে বৈষ্ণব পদাবলী সৃষ্টি হয়েছে। শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বৈষ্ণব পদাবলীর প্রসারণ ঘটে। বৈষ্ণব মতে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। এই প্রেমের সম্পর্ককে বৈষ্ণব পদকর্তাগণ রাধাকৃষ্ণের প্রেমলীলার রূপকের মাধ্যমে উপলব্ধি করেছেন। রাধাকৃষ্ণের রূপাশ্রয়ী ভক্তি, ভগবানের মধ্যে নিত্য বিরহ ও নিত্য মিলনে অপরূপ আধ্যাত্মিক লীলা কীর্তিত হয়েছে। তাই বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যে সাহিত্য সৃষ্টি হয়েছে, তাকে বৈষ্ণব সাহিত্য বলা হয়।
অনুবাদ সাহিত্য
বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে আছে অনুবাদ সাহিত্য। সংস্কৃত রামায়ণ, মহাভারত ও ভাগবত থেকে অনুবাদ করে এ সময় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এ ধারার অসংখ্য কবি। এ যুগে আবির্ভাব ঘটেছে মুসলমান কবিদের। তারা প্রণয় উপাখ্যান জাতীয় কাব্যের মাধ্যমে এ ধারাকে সবচেয়ে বেশি বিকাশ ঘটান। পনেরো শতকে শাহ মুহাম্মদ শগীর এ ধারার সূত্রপাত ঘটান ইউসুফ-জুলেখা লিখে। অনুবাদ সাহিত্য আরও বেশি প্রসার ঘটেছে আরাকান রাজসভায়। আলাওল, দৌলত কাজী, প্রমুখ কবিগণের অভাবনীয় প্রতিভা দ্বারা এই ধারাটির ব্যাপক সমৃদ্ধি ঘটে। এ সময় মুসলমান কবিরা ফারসি, হিন্দি প্রভৃতি সাহিত্য থেকে অনুবাদ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। মানবিক বিষয়বস্তু ও প্রেমকাহিনি অবলম্বনে এসব সাহিত্য রচিত হয়।
প্রণয়োপাখ্যান জাতীয় কাহিনিকাব্য রচনার মাধ্যমে মুসলমান কবিগণ এই ধারাকে সমৃদ্ধ করেন। মধুমালতী, বিদ্যাসুন্দর, লাইলি-মজনু, সাইফুল মুলক বদিউজ্জামান প্রভৃতি কাহিনি নিয়ে একাধিক কাব্য রচনা করেন। আরাকান রাজসভায় এই ক্ষেত্রে আলাওলের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য। মুসলমান কবিগণ জঙ্গনামা বা যুদ্ধকাহিনি জাতীয় সাহিত্য সৃষ্টিতেও ব্যাপক অবদান রেখেছেন। কবি হায়াত মামুদ এ ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রাখেন।
জীবনী সাহিত্য
মধ্যযুগের অন্যতম উল্লেখযোগ্য আরেকটি সাহিত্য সৃষ্টি হলো জীবনী সাহিত্য। পনেরো শতক থেকে শুরু করে আঠারো শতক পর্যন্ত তিনশত বছর শ্রীচৈতন্যদেবের অনুসারীরা এই ধারাকে প্রসারিত করেন। জীবনী সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে আছে। শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে জীবনী সাহিত্যে ব্যাপক প্রসার ঘটে। তাঁর আবির্ভাবকে কেন্দ্র করে জীবনী সাহিত্য লেখা হয়। পনেরো শতক থেকে শুরু হয়ে আঠারো শতক পর্যন্ত চলে এই লেখা। বিখ্যাত কবিরা হলেন বৃন্দাবন দাস, কৃষ্ণদাস প্রমুখ। এরা জীবনী সাহিত্যে ব্যাপক অবদান রাখেন। চৈতন্যদেবকে কেন্দ্র করে লেখা জীবনী সাহিত্যগুলো হলো চৈতন্যভাগবত, চৈতন্যমঙ্গল, চৈতন্যচরিতামৃত ইত্যাদি। মধ্যযুগের একটি বড় অংশ জুড়ে এই জীবনী সাহিত্য আছে। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং মধ্যযুগের সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে এই জীবনী সাহিত্যগুলো।
লোকসাহিত্য
বাংলার প্রাচীন ঐতিহ্য হলো লোকসাহিত্য। প্রথমে মানুষের মুখে মুখে লোকসাহিত্য চর্চা হতো, পরবর্তীকালে এটি লিখিত হয়েছে। মধ্যযুগের একটি বড় অঙ্গ এই লোকসাহিত্য। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা ইত্যাদি। প্রাচীনকাল থেকে বাংলার ঘরে ঘরে লোকসাহিত্য প্রচলন ছিল। এখনো পর্যন্ত এই লোকসাহিত্য আমাদের জীবনে অনেক অবদান রাখে, তাই লোকসাহিত্যের গুরুত্ব অপরিসীম।
নাথসাহিত্য
মধ্যযুগের অন্যতম একটি শাখা হলো নাথসাহিত্য। নাথযোগী ও সিদ্ধাচার্যদের কাহিনি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সঙ্গে জড়িত। চর্যাপদের সঙ্গে নাথসাহিত্যে মিল রয়েছে। এ সময় বাংলাদেশে বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্মের সম্মেলনের মাধ্যমে নাথধর্ম প্রচার ঘটেছিল। রচনার সঙ্গে তা লিখিত হয়নি, পরবর্তীকালে সেগুলো মানুষের মুখ থেকে সংগ্রহ করে লিখিত আকারে প্রকাশ করা হয়। বাংলা সাহিত্যে নাথসাহিত্যের গুরুত্ব অপরিসীম। নাথসাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য
ধর্মীয় বিষয়বস্তু
মধ্যযুগের সাহিত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় বিষয়। আমরা দেখি মধ্যযুগের প্রায় সবগুলো সাহিত্যই ধর্মীয় বিষয় নিয়ে রচিত। প্রতিটি বিষয়ে গভীরভাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। ধর্মকে কেন্দ্র করে মূলত এসব সাহিত্যকর্ম রচিত হয়েছিল। ফলে তখনকার সাহিত্যের একটাই বৈশিষ্ট্য ছিল, সেটা হলো ধর্মীয় বিষয়বস্তু। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে শুরু করে মধ্যযুগের শেষ পর্যন্ত ধর্মীয় কাহিনি অবলম্বনে সাহিত্যকর্ম রচিত হয়। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য হিন্দুধর্মের রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে রচিত। রাধাকৃষ্ণের লীলা এই কাব্যে ফুটে উঠেছে। রাধাকৃষ্ণের প্রেম-বিরহ নিয়ে শ্রীকৃষ্ণকীর্তন রচিত, তাই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য একটি ধর্মীয় বিষয়।
ধর্মীয় বিষয় নিয়ে এরপর রচিত হয় মঙ্গলকাব্য। এর বিষয়ও হলো ধর্ম। ধর্মকে কেন্দ্র করে এই মঙ্গলকাব্য রচিত হয়। মঙ্গলকাব্যের প্রধান কয়েকটি ধারা হলো চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, শিবমঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি। এই মঙ্গলকাব্যের প্রধান বিষয় হলো ধর্ম। যেমন, মনসামঙ্গলে দেবী মনসার পূজা প্রসারের জন্য এটি রচিত হয়। এরপর চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়ও একই। তাই মঙ্গলকাব্যের বিষয় হলো ধর্মীয়।
বৈষ্ণব পদাবলীও রচিত হয় ধর্মীয় বিষয় অবলম্বন করে। বৈষ্ণব ধর্মমতে রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বন করে বৈষ্ণব সাহিত্য রচিত হয়। বৈষ্ণব মতাবলম্বীরা মনে করে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। তাই বৈষ্ণব পদাবলী ধর্মীয় বিষয় নিয়ে রচিত, এখানে ধর্মের প্রভাব সুস্পষ্ট।
জীবনী সাহিত্য শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের ফলে বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের বিকাশ ঘটে। তাঁকে কেন্দ্র করে বহু জীবনী সাহিত্য রচিত হয়। শ্রীচৈতন্যদেব মূলত বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। তাঁর জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়েছে, এটি তাই ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে রচিত।
অন্যদিকে মুসলমান কবিগণ বিভিন্ন ধর্মীয় বিষয়কে অনুবাদ করে বাংলা অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তারা আরবি, ফারসি ভাষা থেকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তারাও মূলত ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সাহিত্যচর্চা করেছেন। তাই মধ্যযুগের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় বিষয়। তখন ধর্মকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সাহিত্য রচিত হয়েছে। তাই মধ্যযুগের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় বিষয়।
অনুবাদ ও মৌলিক রচনা
মধ্যযুগের সাহিত্যের দুটি ধারা রয়েছে। একটি হলো মৌলিক রচনা এবং অন্যটি হলো অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্যের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গলকাব্য ইত্যাদি। এসব সাহিত্য মূলত মৌলিক সাহিত্য। এছাড়া মধ্যযুগের সাহিত্যের অন্য একটি ধারা হলো অনুবাদ সাহিত্য। এ সময় মুসলমান কবিরা আরবি, ফারসি ভাষা থেকে বিভিন্ন ধর্মীয় বিষয় অনুবাদ করে বাংলা ভাষায় লেখেন। সংস্কৃত ভাষার রামায়ণ, মহাভারত বাংলা ভাষায় অনুবাদ হয়। তাই মধ্যযুগের একটি বড় অংশ হলো এই অনুবাদ সাহিত্য।
বাংলা সাহিত্যে মধ্যযুগ সাহিত্যের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্যগুলো রচিত হয়। গদ্যের প্রচলন না ঘটলেও এ সময়ের কাব্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। এসব সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধি দান করেছে।
তথ্যসূত্র
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ – ড. মুহাম্মদ শহীদুল্লাহ
‘বাংলা সাহিত্যের ইতিহাস’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড) – ড. সুকুমার সেন
‘বাংলা সাহিত্যের ইতিহাস’ – অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
FAQ
১. বাংলা সাহিত্যের মধ্যযুগকে কেন সাহিত্যের বিকাশপর্ব বলা হয়?
মধ্যযুগে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার ব্যাপক বিকাশ ও গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রচিত হওয়ায় একে সাহিত্যের বিকাশপর্ব বলা হয়।
২. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যধারা কী কী?
মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, নাথসাহিত্য ও লোকসাহিত্য মধ্যযুগের প্রধান সাহিত্যধারা।
৩. মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
মধ্যযুগের সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মীয় বিষয়বস্তুর প্রাধান্য।
৪. মধ্যযুগের বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের গুরুত্ব কী?
সংস্কৃত, আরবি ও ফারসি ভাষার বিভিন্ন সাহিত্যকর্ম বাংলায় অনূদিত হওয়ায় অনুবাদ সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে।
৫. মধ্যযুগের বাংলা সাহিত্যে গদ্যের পরিবর্তে কাব্যের বিকাশ বেশি কেন হয়েছিল?
মধ্যযুগে গদ্যের প্রচলন তেমন না থাকায় কাব্যই ছিল সাহিত্যচর্চার প্রধান মাধ্যম। ফলে এ সময় বাংলা কাব্যের ব্যাপক বিকাশ ঘটে।
আরো পড়ুন
- চর্যাপদ
- চর্যাপদের সমাজচিত্র
- বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
- বাংলা সাহিত্যের যুগ বিভাগ
- সাময়িক পত্র: বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্র-পত্রিকার অবদান
- বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ইতিহাস, বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়বস্তু, রচয়িতা কে, খন্ড বিশ্লেষণ
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
