চর্যাপদ কী? চর্যাপদের ইতিহাস, আবিষ্কার ও বৈশিষ্ট্য

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম লিখিত গ্রন্থ এটি। চর্যাপদে প্রাচীন বাংলার সমাজচিত্র পাওয়া যায়। ১৯০৭ সালের আগে চর্যাপদ সম্পর্কে কোনো তথ্য ছিল না। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল সফর করেন এবং সফরকালে ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে কতগুলো সাহিত্যিক পদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সেসব পদ একত্রে ‘হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রাপ্ত এই পুঁথিগুলোর নাম দেওয়া হয় ‘চর্যাচর্যবিনিশ্চয়’।

 

চর্যাপদ কী

 

আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের টীকা সংযুক্ত করা হয়েছে। তবে এটি মুনিদত্তের মূল সংকলন নয়, এটি ছিল অনুলিপি। এতে বাংলার আদি স্তরের বিভিন্ন লক্ষণ পাওয়া যায় এবং পাল যুগের সাধারণ বাঙালি সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। এতে প্রাচীনকালের মানুষের জীবনধারা, ধর্ম, মতাদর্শ, আধ্যাত্মিকতা সম্পর্কে গভীর ধারণা পাওয়া যায়। প্রাপ্ত পুঁথিগুলোর লিপিকাল বারো বা চৌদ্দ থেকে ষোলো শতকের মধ্যে বলে অনুমান করা হয়। প্রাপ্ত পুঁথিতে মোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে। এটি আবিষ্কারের মাধ্যমে বাংলা ভাষার আদি স্তরের লক্ষণ সম্পর্কে জানা সম্ভব হয়েছে। সেই সঙ্গে পালযুগের সাধারণ বাঙালির সমাজ ও সংস্কৃতির পরিচয় জানা সম্ভব হয়েছে।

চর্যাপদের নামকরণ

চর্যাপদের পাওয়া পুঁথিতে মুনিদত্তের মতানুসারে এই পদসংগ্রহের নাম ‘আশ্চর্যচর্যাচয়’। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর নাম দেওয়া হয়েছে ‘চর্যাচর্যবিনিশ্চয়’। এ দুটি নাম মিলিয়ে ড. প্রবোধচন্দ্র বাগচী ‘চর্যাশ্চর্যবিনিশ্চয়’ নামের পরিকল্পনা করেন। সে আমলে শত শত চর্যাগীতি রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। মুনিদত্তের মত অনেকেই বিভিন্ন চর্যাগীতির টীকা রচনা করেছিলেন। কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন ‘চর্যাগীতিকোষবৃত্তি’ নামে। এতে মনে হয় মূল সংকলনের নাম ছিল ‘চর্যাগীতিকোষ’। আধুনিক পণ্ডিতগণের অনুমান যে পুঁথিটির নাম ছিল ‘চর্যাগীতিকোষ’ এবং এর সংস্কৃত টীকার নাম ‘চর্যাচর্যবিনিশ্চয়’।

চর্যাপদের পদ সংখ্যা

চর্যার প্রাপ্ত পুঁথিতে একান্নটি গান ছিল। তার মধ্যে একটি (১১ সংখ্যক) পদ টীকাকার কর্তৃক ব্যাখ্যাত হয় নি। আবার পুঁথির কয়েকটি পাতা নষ্ট হওয়ায় তিনটি সম্পূর্ণ (২৪, ২৫ ও ৪৮ সংখ্যক) পদ এবং একটি (২৩ সংখ্যক) পদের শেষাংশ পাওয়া যায় নি। তাই পুঁথিতে সর্বসমেত সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।

 

চর্যাপদের রচনাকাল

নেপাল রাজদরবারের গ্রন্থাগারে চর্যাপদের যে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে তা বাংলা লিপিতে লেখা এবং তা বাঙালির লেখা বলে অনুমান করা হয়। পুঁথিটি পুরানো, তবে রচনাকালের সমসাময়িক নয়। তিব্বতি অনুবাদের রচনাকাল জানা যায় নি। ড. সুকুমার সেন তাকে ষোল শতকের পরবর্তী না হওয়াই সম্ভব বলেছেন। মুনিদত্তের টীকার রচনাকাল পুঁথি লেখার বেশ কিছুকাল আগে। ড. সুকুমার সেনের অনুমান পনের শতক। চর্যাপদের রচনাকাল অনেক আগের। আর সব পদের রচনার সময়ও এক নয়।

রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। ড. সুকুমার সেনের মতে, চর্যাপদের রচনাকাল পঞ্চদশ শতকে। তবে কিছু কিছু পদ এর আগের বলে ধারণা করা হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল ৬৫০ সাল থেকে। অন্যদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন, চর্যাপদের রচনাকাল ৯৫০ সাল থেকে। সপ্তম ও অষ্টম শতকে বাংলায় পালরা রাজত্ব করছিলেন। তাঁদের ধর্ম ছিল বৌদ্ধ এবং চর্যাপদের পদগুলো বৌদ্ধ সিদ্ধাচার্যরা রচনা করেছেন। এতে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে। সে হিসেবে, ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, এর রচনা ৬৫০ সাল থেকে।

অন্যদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় অনুমান করেছেন, চতুর্দশ শতকের শেষদিকে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়। তিনি মনে করেন, চর্যাপদের ভাষা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ভাষার চেয়ে দেড়শ বছরের প্রাচীন। সে হিসেবে চর্যাপদের ভাষা ১২০০ সালের দিকে হবে। তাই তিনি মনে করেন, চর্যাপদের রচনাকাল ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে হবে। চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির লিপিকাল বার বা চৌদ্দ থেকে ষোল শতকের মধ্যে বলে অনুমান করা হয়। তবে ১১৯৯ সালে লিপিকৃত ‘পঞ্চাকার’ নামের পুঁথির লিপির সঙ্গে চর্যাপদের লিপির সাদৃশ্য বিবেচনা করে কেউ কেউ এর লিপিকাল বার শতক বলে মনে করেন।  ফলেে এর রচনাকাল সঠিকভাবে নির্ণয়ের সুযোগ নেই। অনেকটা অনুমানের ওপর নির্ভর করে ধারণা করা হয়।

 

চর্যাপদের পদকর্তাদের পরিচয়

চর্যাপদে মোট ২৪ জন পদকর্তার পরিচয় পাওয়া যায়। এঁরা নামের শেষে গৌরবসূচক ‘পা’ যোগ করেছেন। আবার কিছু ছদ্মনামও আছে। তাঁরা সমাজের বিভিন্ন স্থান থেকে এসে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। কখনো কখনো তাঁরা পিতৃদত্ত নাম ত্যাগ করে সিদ্ধাচার্য উপাধি গ্রহণ করেছিলেন এবং চৌরাশি বৌদ্ধ সিদ্ধার অন্তর্গত ছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ বাঙালি ছিলেন, আবার কেউ কেউ অবাঙালি ছিলেন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ আছে কাহ্নপাদের (১৩টি), ভুসুকুরের (৮টি), সরহের চারটি, লুই, শান্তি ও শবরের দুটি করে এবং অন্যদের একটি করে।

কাহ্নপাদ

চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী কাহ্ন পাদ। তাঁর তেরটি পদ চর্যাপদ গ্রন্থে গৃহীত গৃহী হয়েছে। এই সংখ্যাধিক্যের পরিপেক্ষিতে তাঁকে কবি ও সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা যায়। কানু পা কৃষ্ণপাদ ইত্যাদি নামেও তিনি পরিচিত। বিভিন্ন পদে কাহ্ন, কাহ্নু, কাহ্নু, কাহ্ণ, কাহ্নি, কাহ্নিলা, কাফিল্য প্রভৃতি ভণিতা লক্ষ করা যায়। খ্রিস্টিয় অষ্টম শতকে কানু পার আবির্ভাব হয়েছিল বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন।  কানু পার বাড়ি ছিল উড়িষ্যায়, তিনি সোমপুর বিহারে বাস করতেন। রাহুল সংকৃত্যায়ন কাহ্ন পা বা কৃষ্ণ পাদ বা কৃষ্ণাচার্য পাদ বা কৃষ্ণবজ্র পাদকে অভিন্ন ব্যক্তি মনে করেন। তিনি দেব পালের রাজত্বকালে বর্তমান ছিলেন। তাঁর জীবৎকালের ঊর্ধ্বসীমা ৮৪০ সাল।

ভুসুকুপা

চর্যাপদে দ্বিতীয় সর্বাধিক পদের অধিকারী ভুসুকুপা। তিনি আটটি পদ রচনা করেন। অনেকে মনে করেন, ভুসুকুপা নামটি ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম ছিল শান্তিদেব। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, তিনি অষ্টম শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। তিনি ধর্মপালের রাজত্বকালে একজন অশ্বারোহী সৈনিক ছিলেন। চর্যাপদে তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ পদকর্তা। তবে অনেকে এই শান্তিদেব ভুসুকু ও চর্যা রচয়িতা ভুসুকুকে পৃথক ব্যক্তি বলে অনুমান করেছেন। কারও কারও অনুমান চর্যার ভুসুকুর সময় একাদশ শতকের মধ্যভাগ। ‘আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চণ্ডালে লেলী।’-ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়।

লুইপা 

সাধারণত লুই পাকে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সংকৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। লুই পা বাঙালি বলে অনুমিত। উড়িষ্যায় তাঁর জন্মস্থান বলে কারও কারও ধারণা। তিনি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। লুইপার জীবৎকাল ৭৩০-৮১০ সাল। সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। তাঁর একটি গ্রন্থের নাম ‘অভিসময়বিভঙ্গ।’

শবর পা

শবর পা ছিলেন বাঙালি এবং তিনি ছিলেন ব্যাধ। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে শবর পা ৬৮০ থেকে ৭৩২ সালে বর্তমান ছিলেন। রাহুল সংকৃত্যায়নের মতে, শবর পা ছিলেন বিক্রমশীলা নিবাসী, কুলে ক্ষত্রিয় এবং অন্যতম সিদ্ধা। তিনি ৮৮০ সালের দিকে বর্তমান ছিলেন। তিনি ছিলেন বহু গ্রন্থের প্রণেতা। ড. সুকুমার সেনের মতে, লুই পার গুরু শবর পার জীবৎকাল আট শতকের প্রথমার্ধ।

বিরূপ পা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মনে করেন, জালন্ধরী পার শিষ্য বিরূপ ছিলেন বাঙালি। তাঁর জন্মস্থান দেবপালের রাজ্য ত্রিপুরায়। তাঁর শিষ্য ডোম্বী পা। বিরূপ আট শতকে বর্তমান ছিলেন। রাহুল সংকৃত্যায়নের মতে, বিরূপ পা সোমপুরী বিহারে বাস করতেন। দেবপালের রাজত্বকালে তিনি জীবিত ছিলেন বলে ধারণা করা হয়।

ডোম্বী পা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মতে, ডোম্বী পা ত্রিপুরা বা মগধের রাজা ছিলেন। তাঁর গুরু ছিলেন বিরূপ পা। ডোম্বী পার জীবৎকাল ৭৯০ থেকে ৮৯০ সাল। রাহুল সংকৃত্যায়নের মতে, ডোম্বী পার জীবৎকালের শেষ সীমা দেবপালের রাজত্বকালে (৮০৬-৪৯ সাল) ৮৪০ সাল অবধি। তিনি বর্ণে ক্ষত্রিয়, নিবাস মগধ এবং চুরাশি সিদ্ধার একজন।

দারিক পা

কারও কারও ধারণা দারিক পা ছিলেন লুই পার শিষ্য। সে হিসেবে তাঁর সময়কাল অষ্টম শতকের শেষ ভাগ ও নবম শতকের প্রথমার্ধ। তাঁর চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। অন্য মতে শালীপুত্রের রাজা ইন্দ্রপালই দারিক পা। তাঁর জন্মস্থান উড়িষ্যার শালীপুত্র। তিনি পরে সিদ্ধা হন।

কুকুরী পা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, কুকুরী পা বাংলাদেশের লোক। তিনি ইন্দ্রভূতির অন্যতম গুরু। তিনি আট শতকের প্রথম পাদে বর্তমান ছিলেন। রাহুল সংকৃত্যায়নের মতে, কুক্কুরী পা দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন। জীবৎকালের উচ্চতম সীমা ৮৪০ সাল। তাঁর জন্মস্থান কপিলাবস্তু। তাঁর জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। তিনি ছিলেন অন্যতম সিদ্ধা। তারানাথের মতে একটি কুকুরী সর্বদা সঙ্গে রাখতেন বলেই এই সিদ্ধা কুকুরী পা নামে পরিচিত হয়েছিলেন।

কম্বলাম্বর পা

কম্বলাম্বর বা কম্বল ইন্দ্রভূতি ও জালন্ধরী পার গুরু। তিনি কনকারামের বা কঙ্করের রাজপুত্র বলে কথিত। তাঁর জীবৎকাল ৮৪০ সাল অবধি। তিনি দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন। তাঁর জন্মস্থান ছিল উড়িষ্যা। তিনি ছিলেন রাজকুমার, ভিক্ষু ও সিদ্ধা।

আর্যদেব

আর্যদেব কম্বলাম্বরের সমকালীন। তারানাথের মতে তিনি ছিলেন মেবারের রাজা এবং গোরক্ষনাথের শিষ্য। তাঁর পদের ভাষা উড়িয়া। তিনি আট শতকের প্রথম পাদের লোক বলে অনুমিত।

মহীধর পা

মহীধর পা প্রাচীন মৈথিলি ভাষায় পদ রচনা করেছেন। তিনি  ৮৭৫ সাল পর্যন্ত বেচে ছিলেণ। তিনি নারায়ণ পালের রাজত্বকালে জীবিত ছিলেন বলে মনে করা হয়।

ধাম বা ধর্ম পাদ

ধাম বা ধর্ম পাদ কাহ্ন পার শিষ্য ছিলেন। তাঁর জন্ম বিক্রমপুরের ব্রাহ্মণবংশে। তাঁর পদের ভাষা বাংলা। রাহুল সংকৃত্যায়নের মতে, তিনি বিগ্রহ-নারায়ণ পালের রাজত্বকালে জীবিত ছিলেন। তাঁর জীবৎকালের নিম্নসীমা ৮৭৫ সাল। তিনি ভিক্ষু ও সিদ্ধা ছিলেন।

 

ভাদ্র পা

ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে ভাদ্র পাদ বা ভাদে পা কাহ্ন পার শিষ্য। তাঁর জন্মস্থান মহিভদ্র। তাঁর পদের ভাষা বাংলা। রাহুল সংকৃত্যায়নের মতে, ভাদে পার আবির্ভাবকাল বিগ্রহ ও নারায়ণ পালের রাজত্বকাল, নিম্নসীমা ৮৭৫ সাল। তাঁর জন্মস্থান শ্রাবন্তী, পেশায় চিত্রকর এবং সিদ্ধা।

জয়নন্দী বা জয়ানন্দ

জয়নন্দী বা জয়ানন্দ বাংলাদেশের এক রাজার মন্ত্রী ছিলেন। তিনি বর্ণে ব্রাহ্মণ। তাঁর পদের ভাষা আধুনিক ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ তথা প্রত্ন-মৈথিলি-উড়িয়া- বাংলা-আসামি।

শান্তি পা

শান্তি পাদ বিক্রমশিলা বিহারের দ্বারপণ্ডিত ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তাঁর শিষ্য। এগার শতকের প্রথমে তিনি জীবিত ছিলেন। তাঁর চর্যাপদের ভাষা প্রাচীন মৈথিলি। শান্তি পা রত্নাকর শান্তির সংক্ষিপ্ত নাম।

বীণা পা

বীণা পার জন্মস্থান গহুর। তিনি ছিলেন ক্ষত্রিয় এবং তাঁর গুরুর নাম ছিল বুদ্ধ পাদ। তিনি নয় শতকের লোক। তাঁর চর্যাপদের ভাষা বাংলা।

সরহ পা

সরহ পা ছিলেন ব্রাহ্মণ। তাঁর জন্মস্থান রাজ্ঞীদেশ সম্ভবত উত্তরবঙ্গ-কামরূপ। কামরূপের রাজা রত্নপাল (১০০০-৩০ সাল) ছিলেন তাঁর শিষ্য। তিনি এগার শতকের প্রথমার্ধে জীবিত ছিলেন। তিনি অপভ্রংশ ভাষায় দোহাকোষ রচনা করেছিলেন। তাঁর পদাবলীর ভাষা বঙ্গ-কামরূপী। তিনি ছিলেন ভিক্ষু ও সিদ্ধা। তিনি বহু গ্রন্থের রচয়িতা।

অশুরী পা

গুগুরী পা দেবপালের রাজত্বকালে (৮০৬-৪৯) বর্তমান ছিলেন। তাঁর জীবৎকালের নিম্নসীমা ৮৪০ সাল। তাঁর জন্মস্থান ডীশুনগর। তিনি বর্ণে লোহার বা কর্মকার এবং সিদ্ধা। তিনি সরহের প্রশিষ্যের প্রশিষ্য।

 

চর্যাপদের ভাষা

বাংলা সাহিত্যে চর্যাপদের রচনাকালের মতো চর্যাপদের ভাষার ক্ষেত্রেও মতপার্থক্য রয়েছে। চর্যাপদের ভাষা হলো বাংলা ভাষা। এতে অপভ্রংশের প্রভাবও রয়ে গেছে। আবার অনেকে চর্যাপদের ভাষাকে অপভ্রংশ, প্রাচীন হিন্দি, মৈথিলি, ওড়িয়া বা অসমিয়া ভাষা বলে মনে করেন। চর্যাপদের ভাষাকে কেউ কেউ সান্ধ্যভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন-

“আলো অধিরি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁরা সাধন ভজন করেন, তাঁহারা সে কথা বুঝবেন, আমাদের বুঝিয়া কাজ নেই।”

ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. সুকুমার সেন ও ড. প্রবোধচন্দ্র বাগচী মনে করেন চর্যাপদ বার শতকের মধ্যে রচিত হয়েছিল। এ সময় পর্যন্ত বাংলা ভাষা তার স্বকীয় মর্যাদা লাভ করে নি। তের শতকের পরে উড়িয়া ভাষা এবং ষোল শতকের পরে আসামি ভাষা বাংলা ভাষা থেকে বিচ্ছিন্ন হয়। এ অবস্থার প্রেক্ষিতে চর্যাপদের ওপর কোন বিশেষ অঞ্চলের বা বিশেষ কোন ভাষার দাবি স্বীকার করা যায় না। সে ক্ষেত্রে এর ভাষা অর্বাচীন অবহট্ট বা লেখ্য প্রত্নবাংলা উড়িয়া- মৈথিল-আসামির অভিন্ন জননী-স্বরূপা বলে মানতে হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সে সময়বাংলা আসামি ও উড়িয়া ভাষায় পার্থক্য ছিল খুবই কম। উল্লেখ্য যে, উড়িষ্যা, বিহার, আসাম, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশে নিজ নিজ ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদ বিবেচিত এবং ভাষা-সাহিত্যের পাঠ্য- সূচিভুক্ত।

অনেকে আবার এই ভাষাকে আলো-আঁধারি ভাষাও বলেছেন। সন্ধ্যাদেশ নামে বিশেষ অঞ্চলের ভাষার সঙ্গে মিল থাকার কারণে এই ভাষাকে সন্ধ্যাভাষা বলেছেন। আবার অনেক সময় তন্ত্রের সাধনার জন্য গোপন ভাষা ব্যবহার করা হতো, যাতে তা সাধারণ মানুষের হাতে না পড়ে বিকৃত না হয়। তাই এর ভাষা সম্পর্কে অনেক মতপার্থক্য রয়েছে। সঠিকভাবে কোনো কিছু বলা যায় না। সবকিছু অনুমানের ওপর নির্ভর করে বলতে হয়। এজন্য এই ভাষা সম্পর্কে অনেক মতপার্থক্য রয়েছে। তবে সবচেয়ে যুক্তিসঙ্গত মতবাদ হলো, এটি আদি বাংলা ভাষা।

 

চর্যাপদের তত্ত্ব

বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যাপদে বিধৃত হয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চল তৎকালীন কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন। তিনি সাধনা করেন গয়া-বারানসিতে এবং মতবাদ প্রচার করেন বিহারের বিভিন্ন অঞ্চলে। তাঁর কোন লিখিত রচনা নেই, মুখে মুখে প্রচারিত ধর্মমত পরবর্তীতে লিপিবদ্ধ হয়েছে। তবে বুদ্ধের বাণীই কেবল বৌদ্ধ শাস্ত্র নয়। পরবর্তীকালে আনন্দ, শারিপুত্র, মৌগ্গল্য- পুত্রতিষ্য, অসঙ্গ, বসুবন্ধু, নাগার্জুন, আর্যদেব, চন্দ্রকীর্তি, শান্তিদেব, কুমারাত, ধর্মপাল, শান্তরক্ষিত, সরোজবজ্র (সরহ), তিল্লো পা, কাহ্ন পা প্রমুখ ভিক্ষু- শ্রাবক-যোগী-সাধক- তাত্ত্বিকের অবদানে গড়ে উঠেছে বহু যান সম্বলিত বৌদ্ধ ধর্ম ও বিপুল কলেবর শাস্ত্র, সাহিত্য ও দর্শন এবং বহুবিধ চর্যা ও সাধন পন্থ। পালি, সংস্কৃত, প্রাকৃত ও অপভ্রংশে এসব লিখিত ছিল। বৌদ্ধ মতবাদ বহু শাখা প্রশাখায় বিভক্ত।

চর্যাপদের সাহিত্যিক মূল্য

চর্যাপদ প্রধানত তত্ত্ববাদের বাহন, গৌণত কবিতা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচনা হিসেবে চর্যাপদের মধ্যে ধর্মীয় অনুভূতি প্রকাশ পেলেও এর সাহিত্যিক মূল্য অবশ্যস্বীকার্য। চর্যাকারগণ সচেতনভাবে কাব্য রচনা করেন নি, কিন্তু তাঁদের বিশেষ রহস্যবাদী সম্প্রদায়ের গূঢ় ভজনাবলি হলেও এতে স্বতঃস্ফূর্ত রসের আবেদন এবং বাকনির্মিতির শিল্পকৌশল বিদ্যমান থেকে তাকে কাব্যের পর্যায়ে উন্নীত করেছে। এতে সাধকদের হৃদয়ভাব সার্থক মাধ্যমে বিবৃত হয়েছে বলে চর্যার সাহিত্যিক মূল্য সম্পর্কে সন্দেহ নেই। চর্যাপদের বক্তব্য কেবল জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয় এবং তাকে ব্যক্ত করার উপযুক্ত সার্থক মাধ্যমও চর্যাকারেরা আহরণ করেছিলেন।

এ কারণেই চর্যাপদের সাহিত্যিক মূল্য অবশ্য স্বীকার্য। জীবনঘনিষ্ঠ চর্যাপদের প্রাপ্ত পুঁথিটির লিপিকাল বার বা চৌদ্দ থেকে ষোল শতকের মধ্যে বলে অনুমান করা হয়। তবে ১১৯৯ সালে লিপিকৃত ‘পঞ্চাকার’ নামের পুঁথির লিপির সঙ্গে চর্যাপদের লিপির সাদৃশ্য বিবেচনা করে কেউ কেউ এর লিপিকাল বার শতক বলে মনে করেন। চর্যার পুঁথিটি বাংলা অক্ষরে লিপিকৃত। শৈল্পিক রূপায়ণেই চর্যাপদের সাহিত্যমূর্তি গঠিত হয়েছে।

পরিশেষে

তাহলে পরিশেষে বলা যায়, চর্যাপদ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের প্রথম লিখিত গ্রন্থ। চর্যাপদের সাহিত্যিক মূল্য অপরিসীম। এর মাধ্যমে আমরা আদি যুগের মানুষের জীবনধারা, আচার-আচরণ, ধর্মীয় রীতিনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা পাই। তাই চর্যাপদ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

তথ্যসূত্র

  • ড. সুকুমার সেন। বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড)
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ ও আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১ম খণ্ড)

FAQ

১. চর্যাপদ বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ?
এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম লিখিত নিদর্শনগুলোর অন্যতম এবং এতে প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়।

২. চর্যাপদের ভাষাকে সান্ধ্যভাষা বলা হয় কেন?
এর ভাষায় কিছু বিষয় স্পষ্ট এবং কিছু বিষয় গোপন বা দুর্বোধ্য হওয়ায় একে সান্ধ্যভাষা বলা হয়।

৩. চর্যাপদের সবচেয়ে বেশি পদ কোন কবির?
 সবচেয়ে বেশি পদ কাহ্নপাদের। তাঁর রচিত পদের সংখ্যা ১৩টি।

৪. চর্যাপদের রচনাকাল নিয়ে মতপার্থক্য কেন রয়েছে?
বিভিন্ন পণ্ডিত ভাষাগত বৈশিষ্ট্য, ঐতিহাসিক তথ্য ও অন্যান্য সাহিত্যকর্মের সঙ্গে তুলনা করে ভিন্ন ভিন্ন সময়কে চর্যাপদের রচনাকাল হিসেবে উল্লেখ করেছেন।

৫. চর্যাপদ থেকে প্রাচীন বাংলার কী কী বিষয় জানা যায়?
এ থেকে প্রাচীন বাংলার মানুষের জীবনধারা, আচার-আচরণ, ধর্মীয় রীতিনীতি, সমাজব্যবস্থা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

 

আরো পড়ুন

Was this article helpful?
YesNo
Share This Article
Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 144