নক্সী কাঁথার মাঠ কাব্যের বিষয়বস্তু, শিল্পমূল্য, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ

বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, উপন্যাসিক ও লেখক জসীমউদ্দিন(১৯০৩-১৯৭৬)। তিনি পল্লী কবি নামেই সমধিক পরিচিত। কেননা তিনি বাংলার প্রকৃতি, গ্রামীন মাটি, মানুষ এসব নিয়েই বেশি লিখেছেন। গ্রামীন মানুষের দুঃখ সুখের সব বর্ণনা উঠে এসেছে তাঁর কাব্যে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ হলো সোজন বাদিয়ার ঘাট, নক্সী কাঁথার মাঠ, রাখালী, কবর, বালুচর। তিনি মাত্র একটা উপন্যাস লিখেন ‘বোবা কাহিনী’ নামে এবং ‘পদ্মার পাড়’ নামে একটি মাত্র নাটক লিখেন। তিনি সাহিত্যকর্মের সংখ্যার চেয়ে সাহিত্যকর্মের গুনগত মানের দিকে বেশি নজর দিয়েছিলেন। এই নিবন্ধে নক্সী কাঁথার মাঠ কাব্যের বিষয়বস্তু, শিল্পমূল্য, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ করা হল।

নক্সী কাঁথার মাঠ

জসীমউদ্দিন যেহেতু পল্লী কবি তাই তাঁর লেখায় পল্লীপ্রাণতাই যেন বড় বৈশিষ্ট্য। নক্সী কাঁথার মাঠ কাব্যে তিনি পল্লীপ্রাণতাই তুলে ধরেছেন। গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি, সুখ দুঃখের এক অকাট্য দলিল নক্সী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি। এই কাব্যটি একটি আখ্যানকাব্যরুপে জসীমউদ্দিন লিখেছেন। দুটি গ্রাম্য তরুন তরুনীর করূন প্রেমকাহিনীর মধ্য দিয়ে গ্রামবাংলাকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন এবং মানবতার জয়গান গেয়েছেন এই কাব্যে।

জসীমউদ্দিন খুবই সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় কাব্যটি রচনা করেছেন। কাব্যটি গ্রামবাংলার মানুষ ছাপিয়ে আধুনিক মানুষের হৃদয়াঙ্গম করতে পেরেছেন। তিনি খুব নিপুনতার সাথে গ্রাম বাংলার প্রতিটি ঐতিহ্য ও সংস্কৃতি যেমন গ্রামে বৃষ্টি নামানোর জন্য ব্রত, মোড়ল মহাজনেরা জবরদস্তি করে ধান কেটে নেওয়ার দৃশ্য, মহরমের লাঠি খেলা, ঘরে চাল ছাওয়ার জন্য বাঁশ কাটার আয়োজন, জবরদস্তি করে ধান কেটে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে খুন খারাবি ইত্যাদি দৃশ্য কবি নিপুণভাবে তুলে ধরেছেন। এছাড়া পল্লী জীবন ও সংস্কৃতি মনস্কতার বাইরে জসিম উদ্দিন এই কাব্যে ফুটিয়ে তুলেছেন ইসলামী সাম্যবাদ এবং মুসলিম মানসের সমাজ চেতনা। নক্সী কাঁথার মাঠ কাব্য সম্পর্কে ড. দীনেশচন্দ্র সেন বলেন-

“নকশী কাঁথার মাঠে এমন অনেক কথা আছে যা বাংলার আর কোন কবি এভাবে লিখিতে পারিতেন কিনা সন্দেহ।”

 

জসিম উদ্দিন ছিলেন নিখাদ লোকঐতিহ্যের কবি। তাই স্বভাবতই এই কাব্যে উঠে এসেছে পল্লী চেতনা, পল্লী বোধ, তিনি শুধু বাইরে থেকে পল্লী রুপ আঁকেনি। তিনি পল্লী মায়ের অন্তরে প্রবেশ করে পল্লী মায়ের সুখ দুঃখ, আনন্দ, বেদনা, রূপ, রস, গন্ধ, ছন্দ কাব্যিক অবয়বে এই কাব্যে স্থান দিয়েছেন। যেখানে গ্রাম জনপদের ঐতিহ্য বিস্মৃত হয়ে যাচ্ছে সেখানে কবি গ্রাম বাংলার ঐতিহ্যকে আধুনিক শিল্পে রদপদান করে প্রতিটি আধুনিক মানুষের হৃদয়াঙ্গম করতে সক্ষম হয়েছেন।

নক্সী কাঁথার মাঠ পুরোটাই পল্লীকে আশ্রয় করে রচিত। এই কাব্যের প্রতিটি চরিত্র,কাহিনী, পরিবেশ পল্লীর দ্বারস্থ হয়েই রচনা করেছেন কবি। এই কাব্যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণও লক্ষ্য করা যায় প্রতিটি চরিত্রের মধ্যে। এই চরিত্র গুলো সম্পর্কে জসীমউদ্দিন এভাবে মত দিয়েছেন-

“এই গ্রন্থের চরিত্রগুলি সবই গ্রাম্য। আমরা যেভাবে ভাবি, তাহারা সে ভাবে ভাবে না। আমাদের হইতে তাহাদের জীবন একেবারে ভিন্ন রকমের। তাই গ্রন্থের চরিত্র গুলির ভিতরে কথোপকথন জুড়িতে আমি যতদূর পারিয়াছি, তাহা গ্রাম্য রাখিতে চেষ্টা করিয়াছি, এই জন্য আমি যতদূর পারিয়াছি তাহা গ্রাম্য রাখিতে চেষ্টা করিয়াছি।” (জসীমউদ্দীনঃ গোবিন্দ্রপুর গ্রাম, ফরিদপুর, ৩রা শ্রাবন,১৩৩৬)

 

নক্সী কাঁথার মাঠ যেহেতু কাহিনীকাব্য এবং লোকগাঁথার সংমিশ্রণের কাব্য তাই এখানে লোকবিশ্বাসের নিদর্শন লক্ষ্য করা যায়। যেমন-

“তবুও গায়ে নামলো না জল গগনখানা ফাঁকা

নিঠু নীলের বক্ষে আগুন করছে যেন খাঁ খাঁ।

উচ্ছে ডাকে বাজপক্ষি আজরাইলের ডাক,

খর দরজাল আসছে বুঝি সিঙ্গাই দিয়ে ফোঁক।

(নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দিন)

বাংলার ভুপ্রকৃতিতে চৈত্র মাসে প্রচন্ড খরায় মাঠ ঘাট খাঁ খাঁ করে। তখন এখানকার মানুষেরা বৃষ্টির জন্য প্রার্থনা করে। আর গ্রাম বাংলার মানুষের লোকবিশ্বাস দরগায় সিন্নি মানত করলে, দুধ দান করলে বৃষ্টি হবে। আবার ‘নৈলা গান’ নামক এক ধরনের গান গেয়ে থাকে গ্রামবাংলার ছেলেমেয়েরা। এটা তাদের লোকবিশ্বাস যে এসব করলে বৃষ্টি নামবেই। কিন্তু এসব করার পরেও যখন বৃষ্টি নামে না তখন গ্রামের মানুষ ভয় পেয়ে যায়। তাদের লোকবিশ্বাসে তখন অমঙ্গল চিন্তা চলে আসে। আর এই অমঙ্গল থেকে রেহাই পেতে ভিন্ন আরও নানা লোকসংস্কারের উল্লেখ পাওয়া যায় এই কাব্যে যেমন, কোরআন তাবিজ বাধা, নামাজের ঘরে মোমবাতি দেওয়া,  জমজম কুয়ার পানি পান, দেব দেউলের ধুপ, ইত্যাদি উৎসবের আয়োজন ইত্যাদি করে থাকে।

এছাড়া আকাশে বাজপাখির ডাক শুনে তাদের মনে হয় আজরাইলের ডাক। তখন গ্রামবাসীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা ভাবে এখনি বুঝি দরজাল এসে পড়বে। এসব ভয় কাটিয়ে উঠতে নানা রকম কার্যকলাপ করে থাকে। আবার রূপাইকে চিন্তিত দেখে তার মা রূপাইয়ের মঙ্গল কামনায় পীরের মাজারে সিন্নি মানত করে। এসব মূলত গ্রামবাংলার লোকবিশ্বাস ও লোকসংস্কৃতিকে নির্দেশ করে। লোকসংস্কৃতির নানা ও বহুমাত্রিক উপাদান তিনি এই কাব্যে দেখিয়েছেন। হিন্দুদের লোকবিশ্বাসে যেমন, অমঙ্গল কাটাতে দেব-দেউলের ধুপ, রথযাত্রা এসব লোকসংস্কৃতিকে দেখিয়েছেন তেমনি মুসলিমদের লোকসংস্কৃতি হিসেবে পীরের দরবারে সিন্নি মানত করা, জমজম কুয়ার পানি পান করা, কোরআন কেতাব পাঠ করা ইত্যাদি দেখিয়েছেন। এগুলো গ্রামবাংলার লোকঐতিহ্যকে নির্দেশ করে।

এই কাব্যে লোকখেলাধুলার কথা ও বলা হয়েছে। গ্রামবাংলার মাটিতে বেড়ে উঠা প্রতিটি মানুষ এই লোকখেলাধুলার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই লোকখেলাধুলা গ্রামবাংলার মানুষের বিনোদনের সবচেয়ে বড় উৎস। এই কাব্যে কবি সেই গ্রামবাংলার মানুষের লোকখেলাধুলাকেও ফুটিয়ে তুলেছেন-

“ গর্জে উঠে গাঁয়ের লোকে, লাটিম হেন ঘোড়ার লাঠি,

রোহিত মাছের মতন চলে, লাফিয়ে ফাটায় পায়ের মাাটি ”

(নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দিন)

 

নক্সী কাঁথার মাঠ কাব্যে লোকনৃত্যের কথা উল্লেখ আছে। এখানকার মানুষ বিনোদনের জন্য নৃত্য করে।গ্রামবাংলার মানুষ কারনে অকারনে মনকে খুশি রাখতে, বিনোদনের উদ্দেশ্য বিভিন্ন লোকনৃত্য করে থাকে। কবি সে কথাও এই কাব্যে ব্যক্ত করেছেন। কাব্যে দেখা যায় রূপা চরের জমি দখল করতে বীরের মতো দ্বন্দ্ব হাঙ্গামায় লাফিয়ে লাফিয়ে নৃত্য করতে করতে যায়। এই নাচের মাধ্যমে জসীমউদ্দিন রূপার ভিতর যে তেজ তা ফুটিয়ে তুলেছেন।

এই কাব্যে লোক খাদ্যেরও উল্লেখ পাওয়া যায়। গজা, পাটালী, শুটকি মাছ, নারকেলের নাড়ু, চিনার ভাত ইত্যাদি লোকখাদ্যের উল্লেখ আছে।

“বাজার হইতে আনিয়াছি তাই আধসেরখানি গজা

বালাই!বালাই!জ্বর হবে কেন?রূপাই করিলি মজা।”

(নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দিন)

এছাড়া এই কাব্যে উল্লেখ আছে লোকশিল্পকলা। যেমন গৃহস্থালি ব্যবহার্য জিনিসপত্র, নকশা ও আলপনা আকা জিনিসপত্র, কাঠের তৈরি নানা উপকরণ, পরিধেয় বস্ত্র নানা রকম লোকশিল্পের কথা বলেছেন কবি নক্সী কাঁথার মাঠ কাব্যে।

এতসবের ভীড়ে নক্সী কাঁথার মাঠ মানুষের হৃদয়গ্রাহী হয়েছে মূলত গ্রামবাংলার দুটি তরুন ছেলে মেয়ের প্রেম বিরহ ও ব্যর্থতার উপাখ্যান হিসেবে। গ্রামের দুটি সহজ সরল ছেলেমেয়ে সাজু ও রূপার যে অসীম প্রেম ও বিরহ তা এই কাব্যে এমনভাবে উপাস্থাপিত হয়েছে যে প্রতিটি আধুনিক মানুষের হৃদয়ও হাহাকার করে উঠে। কাব্যটি মূলত লোকগাথার অনুপ্রেরণায় কবি রচনা করেছেন ফলে এই কাব্যে রূপকথার কাহিনী ও নানা অনুষঙ্গ লক্ষ্য করা যায়। পল্লী কিশোর কিশোরী রুপা ও সাজুর প্রেমের অকৃত্রিম ভালোবাসা ও এর করুন পরিণতি এগিয়ে নিয়েছেন কবি নাটকীয়তার সাথে। কবি এই কাব্যে গ্রামের কিশোর রূপাকে রাজকুমার ও গ্রামের কিশোরী সাজুকে রাজকুমারী সঙ্গে তুলনা করেছেন।

“আজিকে রূপার কোনো কাজ নাই, ঘুম হতপ যেন জাগি,

শিয়রে দেখিছে রাজার কুমার তাহারই ব্যথারভাগী।

সাজুও দেখিছে কোথাকার যেন রাজার কুমার আজি,

ঘুম হতে তারে সরে জাগায়েছে অরুন আলোয় সাজি।”

(নক্সী কাঁথার মাঠ, জসীমউদ্দিন)

কিন্তু তাদের এই অকৃত্রিম প্রেম ও অনাবিল সুখ বেশিদিন সইল না। গ্রামের জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে রূপা প্রতিপক্ষকে খুনের দায়ে ফেরারী আসামি হতে হয় এবং তাদের জীবনে নেমে আসে বিরহ যন্ত্রনা। স্বামীর এই দীর্ঘ বিরহে সাজু বুকের যন্ত্রনা ও চোখের পানিতে নক্সী কাঁথায় ফুটিয়ে তোলে তার জীবনের সব বিরহ যন্ত্রণা এবং সেই সাথে তাদের সুখের স্মৃতি।

নক্সী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি পল্লী জীবন ও বাস্তবতার এক অকাট্য দলিল। গ্রামীন জীবন ও লোক সাহিত্যিকসম্পদকে কবি নিপুণ হাতে অত্যন্ত সহজ সরলভাবে ফুটিয়ে তুলেছেন। কাব্যের পুরোটা জুড়ে ব্যবহার করেছেন লোকঐতিহ্য যা পড়ে প্রতিটি মানুষ পল্লী জীবন বাস্তবতা ও গ্রামীন লোক সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে অবগত হতে পারে। এক কথায় বলা যায় এই কাব্যটি পল্লী জীবনের এক কাহিনী কাব্য। যা প্রতিটি পাঠকের হৃদয়ে পল্লীর প্রতি মমত্ববোধ তৈরীতে বাধ্য করবে।

FAQ

১. নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
জসীমউদ্দীন নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা।

২. নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ প্রকাশিত হয়।

৩. নকশী কাঁথার মাঠ কাব্যের প্রধান চরিত্র কারা?
রূপাই ও সাজু নকশী কাঁথার মাঠ কাব্যের প্রধান চরিত্র।

৪. নকশী কাঁথার মাঠ কাব্যের মূল বিষয়বস্তু কী?
গ্রামীণ প্রেম, বিরহ, বেদনা ও প্রেমের করুণ পরিণতি এ কাব্যের মূল বিষয়বস্তু।

৫. নকশী কাঁথার মাঠ কাব্যকে কী ধরনের কাব্য বলা হয়?
নকশী কাঁথার মাঠকে পল্লিকাহিনিনির্ভর আখ্যানকাব্য বলা হয়।

 

আরো পড়ুন

Was this article helpful?
YesNo
Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 128