বাঙালি জাতির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। শুধু সাহিত্যেই নয়, সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অসংখ্য সাহিত্যকর্ম রচিত হয়েছে। উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে। জাতি যখন দুঃসময়ের মুখোমুখি হয়, তখন সচেতন শিল্পীরা নীরব থাকেন না। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে তাঁরা সমকালীন বাস্তবতাকে জাতির সামনে তুলে ধরেন। বাঙালি শিল্পীরাও এর ব্যতিক্রম ছিলেন না। বাঙালি ঔপন্যাসিকেরা দেশ ও জাতির এই গৌরবময় ইতিহাসকে সাহিত্যিক মর্যাদা দিয়ে চিরস্মরণীয় করে রেখেছেন। এই আটিকেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ উপন্যাসের তালিকা নিয়ে আলোচনা করা হল।

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের বৈশিষ্ট্য
মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে বহু উপন্যাস রচিত হয়েছে। এসব উপন্যাসে উঠে এসেছে মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র এবং পাকিস্তানি বাহিনীর নির্যাতনের নির্মম কাহিনি। এ ছাড়াও বাঙালির সংগ্রাম, প্রতিরোধ এবং যুদ্ধে যাওয়ার বিভিন্ন ঘটনা ও কাহিনি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসে ফুটে উঠেছে। তাই বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নিচে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তুলে ধরা হলো
১. আনোয়ার পাশা
আনোয়ার পাশা ছিলেন একজন বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক। তিনি ছিলেন সমাজসচেতন ও দেশপ্রেমিক সাহিত্যিক। তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক একটি বিখ্যাত উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। উপন্যাসটির প্রতিটি প্রতীকের আলাদা তাৎপর্য রয়েছে। ‘রাইফেল’ আগ্নেয়াস্ত্রের দম্ভ, ‘রোটি’ অর্থনৈতিক শোষণ এবং ‘আওরাত’ নারীর প্রতি তাদের পাশবিক রুচিবোধের প্রতীক। এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। তাঁর এই উপন্যাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র বাস্তবভাবে ফুটে উঠেছে।
উপন্যাস:
- রাইফেল রোটি আওরাত
২. শওকত ওসমান
বাংলাদেশের উপন্যাসে শওকত ওসমান আঙ্গিকগুণে স্বতন্ত্র। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য চারটি উপন্যাস হলো ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’, ‘দুই সৈনিক’ ও ‘জলাঙ্গী’। ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে মুক্তিযোদ্ধাদের তৎপরতা, রাজাকার নিধন এবং ভয় ও আতঙ্কময় পরিবেশ জীবন্ত ও বাস্তব হয়ে উঠেছে। ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নারী নির্যাতন ও ধর্ষণের চিত্র ফুটে উঠেছে। ‘দুই সৈনিক’ উপন্যাসে দুই পাকিস্তানি মেজর মখদুম মৃধার পরিবারের আতিথ্য গ্রহণ করলেও তাঁর দুই মেয়েকে অপহরণ ও ধর্ষণের চিন্তা ত্যাগ করতে পারেনি। ‘জলাঙ্গী’ উপন্যাসে বাঁকাজোল গ্রামের জমিদারির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে যাত্রা, শত্রুমুক্তির স্বপ্ন এবং রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিশোধকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনি নির্মিত হয়েছে।
উপন্যাস:
- জাহান্নাম হইতে বিদায়
- নেকড়ে অরণ্য
- দুই সৈনিক
- জলাঙ্গী
৩. সেলিনা হোসেন
কথাশিল্পী সেলিনা হোসেন বেশ কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনা করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’। এই উপন্যাসে হলদী গাঁয়ের মানুষের মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা, সলীমের যুদ্ধে যাওয়া, কলিমের আহত হওয়া এবং বোবা রইসের প্রতিবাদী তীব্রতা উঠে এসেছে। তাঁর ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটিও মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এতে বুধা নামের এক কিশোরের আত্মত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
উপন্যাস:
- কাকতাড়ুয়া
- হাঙর নদী গ্রেনেড
৪. আল মাহমুদ
‘উপমহাদেশ’ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। সীমা ও নন্দিনীর মে মাসে নারায়ণপুর থেকে আগরতলায় পালানোর প্রচেষ্টার মধ্য দিয়ে উপন্যাসটির কাহিনি শুরু হয়। মুক্তিযোদ্ধা আনিসের নেতৃত্বে তাঁদের পালানোর প্রচেষ্টা সফল হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের পটভূমিতে তাঁর আরও একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘কাবিলের বোন’। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনায় আল মাহমুদের অবদান অসামান্য। তিনি শুধু উপন্যাসই নয়, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নাটক ও কাব্যনাট্যও রচনা করেছেন।
উপন্যাস:
- উপমহাদেশ
- কাবিলের বোন
৫. শওকত আলী
বাংলাদেশের উপন্যাস সাহিত্যে শওকত আলী একজন খ্যাতিমান কথাশিল্পী। ‘যাত্রা’ তাঁর ছোট পরিসরের একটি উল্লেখযোগ্য উপন্যাস। গ্রামে সংঘটিত মুক্তিযুদ্ধই এ উপন্যাসের প্রধান বিষয়। রায়হান মধ্যবিত্ত পরিবারকেন্দ্রিক একজন নির্বিরোধী চরিত্র। উপন্যাসটি একাত্তরের মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ের একটি ক্ষুদ্র পরিসরের যুদ্ধকালীন ইতিবৃত্ত।
উপন্যাস:
- যাত্রা
৬. সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘নিষিদ্ধ লোবান’। এই উপন্যাসে একজন বীরাঙ্গনা ও এক কিশোরের মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরা হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রদীপ ও সিরাজের ভূমিকা উল্লেখ করা হয়েছে। তবে লেখক নির্দিষ্টভাবে কাউকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থাপন না করে দুজনকেই সমান গুরুত্ব দিয়েছেন। এছাড়া তাঁর আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো:
- নীল দংশন
- এক যুবকের ছায়াপথ
- ত্রাহী
- নিষিদ্ধ লোবান
৭. হুমায়ূন আহমেদ
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছেন। তাঁর এসব উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সাধারণ মানুষের জীবনযাত্রা, পাকিস্তানি বাহিনীর নৃশংসতা এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। ‘আগুনের পরশমণি’ উপন্যাসে যুদ্ধকালীন সময়ে একটি পরিবারের গল্প বলা হয়েছে। এতে তারা পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করে। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো:
- আগুনের পরশমণি
- জোছনা ও জননীর গল্প
- শ্যামল ছায়া
- দেয়াল
FAQ
১. মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস কী?
মুক্তিযুদ্ধের পটভূমি, মানুষের সংগ্রাম, নির্যাতন, প্রতিরোধ ও আত্মত্যাগকে কেন্দ্র করে রচিত উপন্যাসকে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বলা হয়।
২. আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস কোনটি?
আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস হলো ‘রাইফেল রোটি আওরাত’।
৩. শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কয়টি?
শওকত ওসমানের উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’, ‘দুই সৈনিক’ ও ‘জলাঙ্গী’।
৪. সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কী?
সেলিনা হোসেনের উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো ‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘কাকতাড়ুয়া’।
৫. হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনগুলো?
হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো ‘আগুনের পরশমণি’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘শ্যামল ছায়া’ ও ‘দেয়াল’।
আরো পড়ুন
- ষাটের দশকের কবিতা ও স্যাড জেনারেশন
- মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা: গুরুত্বপূর্ণ কবি ও কবিতা
- চল্লিশের দশকের কবি ও কবিতার ধারা
- বাংলা সাহিত্যের যুগ বিভাগ
- পঞ্চাশের দশকের কবি ও কবিতা
- তিতাস একটি নদীর নাম উপন্যাসের বিষয়বস্তু ও সমাজ-জীবন।
- দেশভাগের পরবর্তী উপন্যাস: বৈশিষ্ট্য, ইতিহাস ও সাহিত্যিক গুরুত্ব
- পুতুল নাচের ইতিকথা ফ্রয়েডীয় তত্ত্ব, নামকরণের সার্থকতা, চরিত্র বিশ্লেষণ
- সাময়িক পত্র: বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্র-পত্রিকার অবদান
- চোখের বালি উপন্যাসের বিষয়বস্তু
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
