বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপসর্গ। কারণ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে সেই শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন “প্র” একটি উপসর্গ, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু “তাপ” শব্দের অর্থ ভিন্ন। এর সাথে যদি “প্র” যুক্ত করা হয়, তাহলে নতুন অর্থবোধক একটি শব্দ তৈরি হয় “প্রতাপ”।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন এসে থাকে। তাই উপসর্গ নিয়ে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। এই আর্টিকেলে উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপসর্গ কাকে বলে? কত প্রকার ও কী কী? এই আর্টিকেলটি ভালোভাবে পড়লে উপসর্গ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
উপসর্গ কাকে বলে?
বাংলা ভাষা এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে।
উপসর্গের বৈশিষ্ট্য
- উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই।
- উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ।
- স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না।
- অন্য শব্দের আগে বসে।
উপসর্গের কাজ
- নতুন শব্দ তৈরী করে।
- শব্দের অর্থের সংকোচন করে।
- শব্দের অর্থের সম্প্রসার করে।
- শব্দের অর্থের পরিবর্তন করে।
- শব্দের অর্থের পূর্ণতা সাধন করে।
উপসর্গ কত প্রকার?
উপসর্গ তিন প্রকার
১. খাঁটি বাংলা উপসর্গ
২. তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
১. খাঁটি বাংলা উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যেমন- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
| উপসর্গ | অর্থ | উদাহরণ |
|---|---|---|
| অ | নিন্দিত | অকেজো, অচেনা, অপয়া |
| অ | অভাব | অচিন, অজানা, অজানা-অচেনা |
| অ | ক্রমাগত | অঝোর, অঝোরে |
| অঘা | বোকা | অঘারাম, অঘাচণ্ডী |
| অজ | নিতান্ত (মন্দ) | অজপাড়াগাঁ, অজমূর্খ |
| অনা | অভাব | অনাবৃষ্টি, অনাদর |
| অনা | ছাড়া | অনাসৃষ্টি, অনাচার |
| অনা | অশুভ | অনামুখো |
| আ | অভাব | আকাড়া, আধোয়া |
| আ | বাজে, নিকৃষ্ট | আকাঠা, আগাছা |
| আড় | বক্র | আড়চোখে, আড়নয়নে |
| আড় | আধা, প্রায় | আড়শোয়া, আড়পাগলা |
| আড় | বিশিষ্ট | আড়কোলা/আড়গড় |
| আন | না | আনকোরা |
| আব | অস্পষ্টতা | আবছায়া, আবডাল |
| ইতি | এ বা এর | ইতিকর্তব্য, ইতিপূর্বে |
| ইতি | পুরোনো | ইতিকথা, ইতিহাস |
| ঊন | কম | উনপাজুরে, উনিশ |
| কদ্ | নিন্দিত | কদবেল, কদর্য, কদাকার |
| কু | কুৎসিত | কুকথা, কুকাজ |
| নি | নাই | নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট |
| পাতি | ক্ষুদ্র | পাতিহাঁস, পাতিশিয়াল |
| বি | নাই বা নিন্দনীয় | বিভুঁই, বিফল, বিপথ |
| ভর | পূর্ণতা | ভরপেট, ভরসাঁঝ, ভরপুর |
| রাম | বড় বা উৎকৃষ্ট | রামছাগল, রামদা, রামশিঙ্গা |
| স | সহিত | সলাজ, সরব, সঠিক |
| সা | উৎকৃষ্ট | সাজিরা, সাজোয়ান |
| সু | উত্তম | সুন্দর, সুখবর, সুদিন, সুনাম |
| হা | অভাব | হা-পিত্যেশ, হা-ভাতে, হা-ঘরে |
২. তৎসম উপসর্গ
তৎসম উপসর্গ ২০ টি। যেমন- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
| উপসর্গ | অর্থ | উদাহরণ |
|---|---|---|
| প্র | প্রকৃষ্ট | প্রভাব, প্রচলন |
| প্র | খ্যাতি | প্রসিদ্ধ, প্রতাপ |
| প্র | গতি | প্রবেশ, প্রস্থান |
| প্র | ধারা-পরম্পরা | প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য |
| পরা | আতিশয্য | পরাকাষ্ঠা, পরায়ণ |
| পরা | বিপরীত | পরাজয়, পরাভব |
| অপ | বিপরীত | অপমান, অপকার, অপবাদ |
| অপ | নিকৃষ্ট | অপকর্ম, অপব্যয় |
| অপ | স্থানান্তর | অপসারণ |
| অপ | বিকৃত | অপমৃত্যু |
| সম্ | সম্যকরূপে | সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর |
| সম্ | সম্মুখে | সমাগত, সম্মুখ |
| নি | নিষেধ | নিবৃত্তি |
| নি | নিশ্চয় | নিবারণ, নির্ণয় |
| নি | আতিশয্য | নিদাঘ, নিগূঢ় |
| নি | অভাব | নিষ্কলুষ, নিষ্কাম |
| অব | প্রতিকূল | অবজ্ঞা, অবমাননা |
| অব | সম্যকভাবে | অবরোধ, অবগত |
| অব | নিম্নে | অবতরণ, অবরোহণ, অবলম্বন |
| অব | অল্পতা | অবশেষ, অবসান, অবেলা |
| অনু | পশ্চাৎ | অনুগামী, অনুজ, অনুচর |
| অনু | সাদৃশ্য | অনুবাদ, অনুরূপ, অনুকার |
| অনু | পৌনঃপুনিকতা | অনুক্ষণ, অনুদিন, অনুশীলন |
| অনু | সঙ্গে | অনুকূল, অনুকম্পা |
| নির | অভাব | নিরক্ষর, নির্জীব, নিরহংকার |
| নির | নিশ্চয় | নির্ধারণ, নির্ণয়, নির্ভর |
| নির | বাহির | নির্গত, নির্বাসন |
| দুর | মন্দ | দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম |
| দুর | কষ্টসাধ্য | দুর্লভ, দুর্গম, দুর্মূল্য |
| বি | বিশেষরূপে | বিধৃত, বিশুদ্ধ, বিস্ফুট |
| বি | অভাব | বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল |
| বি | গতি | বিচরণ, বিকাশ |
| বি | অপ্রকৃতিস্থ | বিকার, বিপর্যয় |
| সু | উত্তম | সুকণ্ঠ, সুকৃতি, সুনীল |
| সু | সহজ | সুগম, সুলভ |
| সু | আতিশয্য | সুকঠিন, সুগভীর, সুনিপুণ |
| উৎ | ঊর্ধ্বে | উৎক্ষিপ্ত, উদ্ভাব, উত্তোলন |
| উৎ | আতিশয্য | উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক |
| উৎ | উৎপত্তি | উৎপাদন, উদ্ভব |
| অধি | আধিপত্য | অধিকার, অধিপতি, অধিবাসী |
| অধি | উপরি | অধিরোহণ, অধিষ্ঠান |
| পরি | বিশেষরূপে | পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন |
| পরি | শেষ | পরিশেষ, পরিসীমা |
| পরি | সম্যকরূপে | পরিভ্রমণ, পরীক্ষা, পরিমাপ |
| পরি | চতুর্দিক | পরিক্রমণ, পরিমণ্ডল |
| প্রতি | সদৃশ | প্রতিমূর্তি, প্রতিধ্বনি |
| প্রতি | পৌনঃপুনিকতা | প্রতিদিন, প্রতিমাস |
| প্রতি | অনুরূপ কার্য | প্রতিঘাত, প্রত্যুপকার |
| উপ | সামীপ্য | উপকূল, উপকণ্ঠ |
| উপ | সদৃশ | উপদ্বীপ, উপবন |
| উপ | ক্ষুদ্র | উপগ্রহ, উপসাগর, উপনেতা |
| উপ | বিশেষ | উপায়ন (পৈতা), উপভোগ |
| অভি | সম্যক | অভিব্যক্তি, অভিভূত |
| অভি | গমন | অভিযান, অভিসার |
| অভি | সম্মুখ বা দিক | অভিমুখ, অভিবাদন |
| অপি | যদি | অপিচ (যদিও) |
| অতি | আতিশয্য | অতিকায়, অত্যাচার, অতিশয় |
| অতি | অতিক্রম | অতিমান, অতিক্রান্ত |
| আ | পর্যন্ত | আকণ্ঠ, আমরণ, আসমুদ্র |
| আ | ঈষৎ | আভাস, আলতো |
| আ | বিপরীত | আদান, আগমন |
৩. বিদেশি উপসর্গ
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ভাষার বহু শব্দ দীর্ঘদিন ধরে বাংলা ভাষার সংস্পর্শে এসে কিছুটা পরিবর্তন হয়েছে আবার সম্পূর্ণ পরিবর্তন হয়ে মিশে গেছে। এসব ভাষার উপসর্গ গুলো হল
বিদেশি উপসর্গযোগে শব্দ গঠন
| ক্রমিক | উপসর্গ | যে অর্থে ব্যবহৃত | উপসর্গযোগে গঠিত শব্দ |
|---|---|---|---|
| ১. | কারু | কাজ অর্থে | কারখানা, কারসাজি, কারিগর, কারবার, কারদানি |
| ২. | দর | মধ্যস্থ, অধীন অর্থে | দরপত্তনি, দরদালান, দরবার |
| ৩. | না | না অর্থে | নাদান, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক, নাবালক |
| ৪. | নিম | আধা অর্থে | নিমরাজি, নিমমোয়াজ, নিমখুন |
| ৫. | ফি | প্রতি অর্থে | ফি রোজ, ফি হপ্তা, ফি বছর, ফি মাস, ফি সন, ফি লোক |
| ৬. | বদ | মন্দ অর্থে | বদমেজাজ, বদরাগী, বজ্জাত, বদহাল, বদখত, বদনাম |
| ৭. | বে | না অর্থে | বেদাগ, বেআকল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেহায়া |
| ৮. | বর | বাইরে, মধ্যে অর্থে | বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ |
| ৯. | ব | সহিত অর্থে | বমাল, বনাম, ব-রকম |
| ১০. | কম | স্বল্প অর্থে | কমজোর, কমবয়সী, কমদামি |
আরবি উপসর্গ
| ক্রমিক | উপসর্গ | যে অর্থে ব্যবহৃত | উপসর্গযোগে গঠিত শব্দ |
|---|---|---|---|
| ১. | আম | সাধারণ অর্থে | আমদরবার, আমমোক্তার |
| ২. | খাস | বিশেষ অর্থে | খাসমহল, খাসদখল, খাসকামরা, খাসদরবার |
| ৩. | লা | না অর্থে | লাজওয়াব, লাওয়ারিশ, লাপাত্তা |
| ৪. | গর | অভাব অর্থে | গরমিল, গরহাজির, গররাজি |
ইংরেজি উপসর্গ
| ক্রমিক | উপসর্গ | যে অর্থে ব্যবহৃত | উপসর্গযোগে গঠিত শব্দ |
|---|---|---|---|
| ১. | ফুল | পূর্ণ অর্থে | ফুলহাতা, ফুলশার্ট, ফুলপ্যান্ট |
| ২. | হাফ | আধা | হাফহাতা, হাফটিকিট, হাফপ্যান্ট |
| ৩. | হেড | প্রধান | হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত |
| ৪. | সাব | অধীন | সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর |
উর্দু-হিন্দি উপসর্গ
| ক্রমিক | উপসর্গ | যে অর্থে ব্যবহৃত | উপসর্গযোগে গঠিত শব্দ |
|---|---|---|---|
| ১. | হর | প্রত্যেক অর্থে | হররোজ, হরকিসিম, হরহামেশা |
| ২. | হরেক | বিবিধ অর্থে | হরেক রকম, হরেক পদের খাবার |
FAQ
১. উপসর্গ কাকে বলে?
বাংলা ভাষা এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে।
২. উপসর্গ কত প্রকার?
বাংলা ব্যাকরণে উপসর্গ প্রধানত ৩ প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ ও বিদেশি উপসর্গ।
৩. উপসর্গের কাজ কী?
উপসর্গ মূল শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা নতুন অর্থ সৃষ্টি করতে সাহায্য করে।
৪. উপসর্গের কয়েকটি উদাহরণ কী?
উপসর্গের উদাহরণ হলো: অ + সুখ = অসুখ, সু + গন্ধ = সুগন্ধ, প্র + হার = প্রহার, বি + দেশ = বিদেশ।
৫. উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য কী?
উপসর্গ শব্দের আগে বসে, আর প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে।
আরো পড়ুন
- সন্ধি বিচ্ছেদ
- সমাস কাকে বলে? কত প্রকার ও কী কী উদাহরণসহ বিস্তারিত
- বাংলা শব্দভাণ্ডার:এর উৎস ও শ্রেণিবিভাগ
- বাংলা বানানের নিয়ম
- কারক ও বিভক্তি নির্ণয়
- বাগধারা
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
