সাত সাগরের মাঝি কাব্যের বিষয়বস্তু, মুসলিম পুনর্জাগরণ, সমালোচনা ও শিল্পমূল্য

বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ফররুখ আহমদ। তিনি ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের যে কয়জন অনন্য সাধারণ ও মৌলিক প্রতিভাধর শক্তিমান কবি আছে তাদের মধ্যে তিনি অন্যতম। এই বিশিষ্ট কবির আবির্ভাব হয়েছে চল্লিশের দশকে। ১৯৪৪ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয়। এটি তাঁর সর্বাধিক বহুল আলোচিত ও জনপ্রিয় কাব্যগ্রন্থ। ফররুখ আহমদ ইসলামি কাব্যদর্শনের এক নতুনতর দিক উন্মোচন করেছেন। কাজী নজরুল ইসলামের পর ইসলামি ভাবধারার কাব্যদর্শন অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। ফররুখ আহমদের আবির্ভাবে সে ভাব ধারায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাই বলাই যায় যে ফররুখ আহমদ একটা নতুন যুগের স্রষ্টা।

সাত সাগরের মাঝি

সাত সাগরের মাঝি

সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে কবি মুসলমানদের ইসলামি ঐতিহ্য ও জীবনাদর্শকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছেন। সমগ্র কাব্যগ্রন্থ জুড়ে কবি মুসলমানদের যে অতীত ইতিহাস ও সুদীপ্ত ঐতিহ্য রয়েছে তা তুলে ধরেছেন এবং বর্তমান প্রজন্মকে সে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জ্বলে ওঠার আহ্বান করেছেন। সমুদ্রের নাবিকের এবং সিন্দাবাদের মাঝির বলিষ্ঠ ও তেজদীপ্ত কন্ঠের মাধ্যমে নতুন প্রজন্মকে ডাক দিয়েছেন নতুন জীবনের লক্ষ্যে।  নতুন পথে আধার থাকবে, বাধা-বিপত্তি থাকবে তবুও সে বাধা বিপত্তি সিন্দাবাদের নাবিকের মতো সমূলে উৎপাটিত করে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবে।

এই কাব্যগ্রন্থে কবি যেমন মুসলিম অতীত ইতিহাস, ঐতিহ্য ও ইসলামি জীবনাদর্শকে তুলে ধরেছেন সেই সাথে সমকালীন জীবনের নানা দিক যেমন আদর্শিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আর্থসামাজিক ইত্যাদি বিষয়ের অন্তরায় থেকে উত্তরনের পথ বাতলে দিয়েছেন। একসময় মুসলমানদের অতীত ইতিহাস ও ঐতিহ্য ছিল গৌরবের এবং ঐশ্বর্যমন্ডিত যা সম্ভব হয়েছিল ইসলামি ধর্মাদর্শের প্রতি বিশ্বস্ততার মাধ্যমে পরবর্তীতে তা থেকে ক্রমান্বয়ে বিচ্যুত হওয়ার ফলেই বর্তমান আধুনিক মুসলমান প্রজন্মের জীবনে আধার ও নানান দূর্গতি দেখা দিয়েছে। ইসলামি সেই গৌরবময় অতীত ইতিহাস ও ঐশ্বর্যকে পুনঃস্থাপন করতে সে আদর্শকে আবার ধারন করতে হবে কবি এ কথাই ব্যক্ত করেছেন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায়।

সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় কবি মুসলমানের ঐতিহ্য, প্রীতি, জাগরন, দুঃসাহসিকতা, বিজয় ইত্যাদি তুলে ধরেছেন আর এসবের প্রতীক হিসেবে দেখিয়েছন সমুদ্রের অকুতোভয় নাবিকের। এসব কবিতার মধ্যে অন্যতম হলো বার দরিয়া, সিন্দাবাদ, দরিয়ার শেষ রাত্রি বন্দরে সন্ধ্যা ইত্যাদি কবিতা। এসব কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন মুসলমানদের দুঃসাহসিকা, তাদের অকুতোভয় কর্মচঞ্চলতা এবং মুসলমানদের ঐশ্বর্যময়তা। কিছু কিছু কবিতায় তিনি গৌরবময় মুসলমানদের বর্তমান সময়ে অধপতনের কারন যেমন তুলে ধরেছেন তেমনি সেখান থেকে মুক্তির পথ দেখিয়েছেন এমন কিছু কবিতা হলো আকাশ-নাবিক, তুফান, পাঞ্জেরি, পুরনো মাজারে ইত্যাদি কবিতা।

মুসলমানদের অধপতনের কারন হিসেবে কবি ইসলামি আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারনকে দেখিয়েছেন কিছু কবিতায়। আবার কিছু কবিতায় তিনি বর্তমান সময়ের মানুষের জন্য বড় উদ্বিগ্ন ও ব্যাকুলতা দেখিয়েছেন, মানুষের জীবনের অন্ধকার, দুর্দশাকে সচেতনভাবে প্রত্যক্ষ করেছেন। তিনি এসব দূর্দশার পিছনে আধুনিক সভ্যতাকে দায়ী করেছেন যেটা আমরা লাশ ও আউলাদ কবিতায়ও দেখতে পাই। এতকিছুর ভীড়ে তিনি এই কাব্যপ প্রেমের রোমান্টিক স্বপ্ন কল্পনারও রূপায়ন ঘটিয়েছেন শাহরিয়ার ও ঝরোকায় কবিতাতে।

কবি ফররুখ আহমদকে নবজাগরণের কবি বলা হয় মূলত তাঁর সাত সাগরের মাঝি কবিতা লেখার পর থেকে। এই কবিতাটি সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতায় কবি মুসলমানের অধপতন ও দুর্দশা থেকে নতুন করে জাগরণের আহ্বান করেন। ইসলামি কল্যান, আদর্শ, মতাদর্শ থেকে মুসলামানদের যে বিচ্যুতি ঘটেছে সেই আদর্শের নবজাগরণ ঘটানোর কথা কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। কবি নবজাগরণের ডাক দিয়ে বলেন,

“হে মাঝি! তবুও থেমো না দেখে এ মৃত্যুর ইঙ্গিত,

তবুও জাহাজ ভাসাতে হবে এ শতাব্দী মরা গাঙে।

এখানে এখন রাত্রি এসেছে নেমে,

তবুও দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজ-তোরণ।”

(সাত সাগরের মাঝি; ফররুখ আহমদ)

বার দরিয়া, দরিয়ার শেষ রাত্রি, সিন্দাবাদ এসব কবিতায় কবির অবাধ কল্পনা লক্ষ্য করা যায়। এখানে কবি কল্পনায় একজন আরব্য রজনীর নায়ক সিন্দাবাদকে কল্পনা করেন। সিন্দাবাদের সফরের রোমাঞ্চকর কাহিনী কবির মধ্যে এক ধরণের ভাবাবেশ সৃষ্টি করে। সিন্দাবাদকে কবি কল্পনা করেন মুসলিম জাতির অতীত তেজদীপ্ত, গৌরবময় নায়ক রূপে যে কর্মোচঞ্চল, প্রাণোচ্ছল, সাহসী অকুতোভয়। তিনি সিন্দাবাদের মাধ্যমে মুসলমানের গৌরবময় অতীত ইতিহাসকে স্মরন করিয়ে দেন। সিন্দাবাদের মতো আত্মশক্তিতে বলীয়ান হয়ে নবজাগরন ঘটানোর কথা কবি ব্যক্ত করেছেন। তিনি নোনা দরিয়ার ডাক দিয়ে সমগ্র মুসলিম জাতিকে জাগিয়ে তুলতে চান।

“কেটেছে রঙিন মখমল দিন, নতুন সফর আজ,

শুনছি আবার নোনা দরিয়ার ডাক,

ভাসে জোরওয়ার মউজের শিরে সফেদ চাঁদির তাজ,

পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক,

নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দাবাদ।”

(সিন্দাবাদ কবিতা, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

অতীতের কল্পনা যেন বর্তমানে এসে কবিকে এক নতুন জগতের স্বপ্ন দেখায়। নতুন মখমল দিনের প্রত্যাশায় নতুন করে সফর করার জন্য কবি মসলমানদের ডাক দিয়েছেন। কবির চোখে নতুন দিনের স্বপ্ন হানা দেয়।

কিন্তু নতুন পথে যে অনেক বাধা বিপত্তি আছে সে কথা ব্যক্ত করতেও কবি ভুলেন না। নতুন দিনের সফরে এই বাধা বিপত্তি পেরোতে তাদের আরাম-আয়েশি রাতের কথা স্মরন হয় তাদের হতাশা সৃষ্টি হয়। কিন্তু কবি এই হতাশার ভিতর নতুন জীবনকে কল্পনা করেছেন৷ কবি মাঝি মাল্লাদের আহবান করেছেন নতুন জীবনকে সার্থকতায়, অতীত ঐশ্বর্যে, গৌরবে গৌরবান্বিত করতে অতীত মুসলমানদের মতো দুঃসাহসী হতে হবে, দূর্নিবার হতে হবে। কঠোর সাধনা করতে হবে এবং আত্মপ্রত্যয়ী ভাবে নতুন সফরে নামতে হবে। কবি বলেন,

“ছিড়ে ফেলে আজ আয়েশী রাতের মখমল অবসাদ,

নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ।”

(সিন্দাবাদ, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

কবি অতীত মুসলমামদের দুঃসাহসিক, অকুতোভয় কাজের বর্ণনা দিয়েছেন বা’র দরিয়ায় কবিতায়। সমুদ্রের সফরকালে তাদের যে দূর্বার সাহসিকতার পরিচয় মেলে তা তিনি এই কবিতায় তুলে ধরেছেন। মৃত্যুর করালগ্রাসকে উপেক্ষা করে তারা সমুদ্রের অভিযানে বেরিয়ে পরে সেসব বর্ণনার মধ্য দিয়ে কবি নতুন প্রজন্মকে উৎসাহিত করেছন দুঃসাহসিক কাজ করার। তিনি বর্তমান নতুন প্রজন্মের অজ্ঞতাশ আলসেমী, কুড়েমী এসব তুলে ধরেছেন৷ তাদের জড়তায় আবিষ্ট করে রেখেছে তাই কোনো সাহসিক কাজ করতে পারে না। কবি বলেন,

“কেটেছে পঙ্কা নরম আয়েশ আশরতে বহুদিন

মর্চে ধরেছে কবজায়; ম্লান তাজ।”

(বা’র দরিয়ায়, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

এছাড়া ফররুখ আহমদ নিপীড়িত নির্যাতিত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছেন। কবি বর্তমানে প্রতি সজাগ দৃষ্টি দিয়েছেন। আধুনিক জড়বাদীতার ফলে মানুষে মানুষে যে বিভেদ, ভেদাভেদ তৈরি হয় তা কবি মোটেও পছন্দ করতেন না তাই তো সেসব নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। তাদের ব্যথায় ব্যথিত হয়েছেন। তিনি এসব নির্যাতিত, নিপীড়িত মানুষকেও মুসলিম ঐতিহ্যকে বুকে লালন করার পরামর্শ প্রদান করেছেন। কবি বলেন,

“ক্ষধিত মাটিতে সে নয় তাজমহল

মানুষের মাঠে বিরান  মাটিতে

এবার ফলবে তাজা ফসল।”

 (নিশান, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

জীবনে চলার পথে নানা বাধাবিঘ্ন, ঝড় ঝাপটা, বিপদ আপদ আসবে সেগুলোকে উপেক্ষা করে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর কথা ব্যক্ত করেছেন কবি ‘নতুন সফল’ কবিতায়। সর্বাবস্থায় মনে সাহস সঞ্চয় করতে হবে। সেই সাহসকে পুঁজি করে এগিয়ে চলতে হবে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তিনি মূলত এই কবিতায় মুসলমানদের জাগরনের তাগিদ দিয়েছেন। মুসলমানদের পুনর্জাগরনের আশা কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। কবি বলেছেন,

“মোরা মুসলিম দরিয়ার মাঝি মওতের নাহি ভয়।”

(নতুন সফল, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

ফররুখ আহমেদ পু্জিপতিদের বিরুদ্ধে তার কথা বলেছেন ‘লাশ’ কবিতায়। পুঁজিপতিদের শাসন-শোষণ অত্যাচারের বিরুদ্ধে তার সর্বস্ব উজার করে প্রতিবাদের ভাষা ব্যক্ত করেছেন। তিনি শোষক শ্রেণীদের ধিক্কার জানিয়েছেন। কবি চেয়েছেন শাসন-শোষনের এই সমাজকে সমূলে উৎপাটিত করে এক সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। কবি পুঁজিপতি ও শাসক শ্রেণীদের ধ্বংস কামনা করে বলেছেন,

“আজ এই উৎপীড়িত মৃত্যু দীর্ণ নিখিলের অভিশাপ বও,

ধ্বংস হও, তুমি ধ্বংস হও।”

(লাশ/সাত সাগরের মাঝি; ফররুখ আহমদ)

কবি যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই সমাজ শোষক, শাসক, পুঁজিপতিদের হাত থেকে রক্ষা পাবে! এই আধার থেকে কবে সমাজ মুক্তি পাবে! কবে শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে তাইতো কবি ‘পাঞ্জেরী’ কবিতায় জানতে চেয়েছেন,

“রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার আসমান ভরা মেঘ?”

(পাঞ্জেরী, সাত সাগরের মাঝি, ফররুখ আহমদ)

পরিশেষে বলা যায়, কবি ফররুখ আহমদ তার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে ইসলামি মানবতাবাদী আদর্শের মধ্য দিয়ে তিনি মানুষের মুক্তির সন্ধান দিয়েছেন। সাত সাগরের মাঝিকে আহ্বান করেছেন মুসলিম অতীত ঐতিহ্যকে ধারন করে নতুন পথে এগিয়ে যেতে। তিনি সিন্দাবাদের মতো দুঃসাহসিক বর্তমান মুসলমানদের নবজাগরণের জন্য আহ্বান করেছেন। তিনি মুসলমানদের অতীতে গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে নতুন করে ধারন করার স্বপ্ন দেখেছেন।

FAQ

১. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে মুসলিম পুনর্জাগরণের চেতনা কীভাবে প্রকাশ পেয়েছে?

উত্তর: মুসলিম ঐতিহ্য, অতীত গৌরব, ধর্মীয় মূল্যবোধ, আত্মপরিচয় ও নতুনভাবে জেগে ওঠার আহ্বানের মধ্য দিয়ে মুসলিম পুনর্জাগরণের চেতনা প্রকাশ পেয়েছে।

২. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে ‘মাঝি’ কীসের প্রতীক?

উত্তর: ‘মাঝি’ মূলত অভিযাত্রী, পথপ্রদর্শক ও সংগ্রামী মানুষের প্রতীক। এর মাধ্যমে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

৩. সাত সাগরের মাঝি কাব্যের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: ইসলামী ঐতিহ্য, রোমান্টিক কল্পনা, প্রতীকী চিত্রকল্প, স্বতন্ত্র শব্দচয়ন ও উদ্দীপনামূলক কাব্যভাষা এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য।

৪. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে সমুদ্র ও সমুদ্রযাত্রার তাৎপর্য কী?

উত্তর: সমুদ্র ও সমুদ্রযাত্রা অজানাকে জয় করা, জীবনসংগ্রাম, অভিযান এবং নতুন দিগন্তের সন্ধানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

৫. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের শিল্পমূল্য কোথায় নিহিত?

উত্তর: শক্তিশালী প্রতীক, চিত্রকল্প, ছন্দের বৈচিত্র্য, ভাষার গাম্ভীর্য এবং ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এ কাব্যগ্রন্থের শিল্পমূল্য প্রতিষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

Was this article helpful?
YesNo
Share This Article
Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 144